ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

দর্শকশূন্য মাঠেই হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

ads

দশ মাস পর জাতীয় ফুটবল দল মাঠে ফেরার দিনে গ্যালারি ছিল দর্শক। কিন্তু এ চিত্র এখনই দেশের ক্রিকেটে দেখা যাবে না। এরইমধ্যে ব্যাপারটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তার মানে আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগের ম্যাচগুলো হবে দর্শকশূন্য মাঠে।  


করোনার মধ্যে নেপালের বিপক্ষে গত শুক্রবার দর্শক প্রবেশের অনুমতি দেওয়া ঠিক হয়েছে কিনা, সেটি নিয়ে যথেষ্টই সংশয় আছে বিসিবি কর্তাদের।তাই জালাল ইউনুস স্পষ্ট জানিয়ে দিলেন, ক্রিকেটে এরকম ঝুঁকি নেওয়া হবে না, ‘আপনাদের কি মনে হয়, করোনার মধ্যে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া কি ঠিক হয়েছে? জানি, এটা আবেগের ব্যাপার। অনেকদিন পর ফুটবল খেলা শুরু হয়েছে, সেখানে দর্শক এসেছে। কিন্তু আমরা দর্শক ও বাকি সবার কথা চিন্তা করেই দর্শক অ্যালাউ করব না। এটাই আমাদের পরিকল্পনা, দর্শকশূন্য মাঠ থাকবে।’বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজন করা হবে ক্রিকেটার ও সংশ্লিষ্টদের হোটেলে রেখে জৈব-সুরক্ষা বলয় তৈরি করে। কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে ২০ নভেম্বর নাগাদ ক্রিকেটাররা হোটেলে উঠবেন। এমনটাই জানিয়েছেন জালাল ইউনুস।


করোনাভাইরাসে যাতে কোন ক্রিকেটার, কোচ, নির্বাচক বা সংশ্লিষ্ট কেউ না আক্রান্ত হয় এ ব্যাপরে বেশ সতর্ক বিসিবি। কিন্তু তারপরও করোনাভাইরাস প্রবলভাবেই হানা দিয়েছে ক্রিকেটাঙ্গনে। এরইমধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হক এবং জাতীয় নির্বাচক হাবিবুল বাশার আক্রান্ত হয়ে এখন আইসোলেশনে আছেন। আগে আক্রান্ত হয়ে সেরে উঠেছেন মাশরাফি বিন মুর্তজা, সাইফ হাসান, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ চৌধুরিরা।


এখনও অবশ্য বঙ্গবন্ধু টি-টোয়েন্টির জৈব-সুরক্ষা বলয় তৈরি করেনি বিসিবি। কিন্তু তার আগেই ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সৌম্য সরকার, আল আমিন হোসেন, মেহেদী হাসান মিরাজরা। যা ক্ষতির কারণ হতে পারে। তাই জালাল ইউনুস সতর্কবার্তা দিয়েছেন ক্রিকেটারদের, ‘কেউ যদি ঝুঁকি নিতে চায়, তাহলে করতে পারে (অনুশীলন)। আমরা চাই, যারা স্পন্সরদের অধীনে চলে এসেছে, সেসব খেলোয়াড়রা তাদের আয়োজনের মধ্যেই অনুশীলন করুক। কারণ, দুই-একজন ইতোমধ্যে করোনা পজিটিভ হয়েছেন। টুর্নামেন্টের সময় যাতে কেউ আক্রান্ত না হয়, সে জন্য তারা যেন বায়ো-বাবলে প্রবেশের পরই অনুশীলন করে।’


আগামী ২৪ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ। উদ্বোধনী ম্যাচে লড়বে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। 

ads
ads
ads

Our Facebook Page